ইনস্টাগ্রামে তৃতীয় সন্তানের ছবি প্রকাশ করলেন ফেসবুক বস

২৫ মার্চ, ২০২৩ ০০:৩৬  

ইনস্টাগ্রামে দুইটি ছবি প্রকাশ করে তৃতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার খবর দিলেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। জানালেন নতুন শিশুর নামও। লিখেছেন- ‘অরেলিয়া চ্যান জাকারবার্গ, তোমাকে পৃথিবীতে স্বাগত! তুমি ছোট্ট এক আশীর্বাদ হয়ে এলে।’

ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে, জাকারবার্গ নবজাতক সন্তানের দিকে তাকিয়ে হাসছেন। দ্বিতীয় ছবিতে দেখা গেছে, প্রিসিলা চ্যান নবজাতককে বুকে জড়িয়ে শুয়ে আছেন।

সেই ছবিতে ইন্টারনেট দুনিয়ার অনেকে জাকারবার্গ- প্রিসিলা চ্যান দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় প্রিসিলা চ্যানের সঙ্গে পরিচয় হয় জাকারবার্গের। ২০০৩ সালে প্রেমে জড়ান। ২০১২ সালে গাঁটছড়া বাঁধেন । বিয়ের তৃতীয় বছরের ডিসেম্বরে জন্ম নেয় তাদের প্রথম সন্তান মাক্সিমা চ্যান জাকারবার্গ। ২০১৭ সালের আগস্টে জন্ম হয় দ্বিতীয় সন্তানের। তার নাম রাখা হয় আগস্ট।

গত বছরের সেপ্টেম্বরে ফের স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘোষণা করেছিলেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি লিখেছিলেন, ‘অনেক ভালোবাসা। আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে ম্যাক্স ও অগাস্ট আগামী বছর নতুন একটি বোন পেতে যাচ্ছে। এরপর নতুন বছরের প্রথম দিনে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছিলেন জাকারবার্গ। সেখানে পোস্ট করা ছবিতে দেখা গিয়েছিল, কালো রঙের স্যুট পরিহিত জাকারবার্গ স্ত্রী প্রিসিলা চ্যানের বেবি বাম্প স্পর্শ করে আছেন। তাদের দুজনের মুখে হাসি।

জাকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যান একজন শিশুরোগ বিশেষজ্ঞ এবং সমাজসেবী। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেওয়ার পর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করেছেন।